১৬ অক্টোবর ২০১২ - ০৬:১৫

মিয়ানমারের মুসলিম বিদ্বেষী সরকার দেশটিতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি'কে দপ্তর খোলার অনুমতি দেয়নি।

রেডিও তেহরানের বরাত দিয়ে বার্তা সংস্থা আবনা : মিয়ানমারের মুসলিম বিদ্বেষী সরকার দেশটিতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি'কে দপ্তর খোলার অনুমতি দেয়নি। উগ্র বৌদ্ধদের পাশাপাশি বৌদ্ধ ভিক্ষুরা মুসলিম অধ্যুষিত রাখাইন (আরাকান) প্রদেশে ওআইসি'কে ততপরতা চালানোর অনুমতি না দেয়ার দাবিতে দু'দিন কয়েক ঘন্টার ধর্মঘট করার পর এ সিদ্ধান্ত নিল মিয়ানমার সরকার।

প্রেসিডেন্ট থেইন সেইনের দপ্তরের এক কর্মকর্তা আজ (সোমবার) নাইপিদাউ'তে জানিয়েছেন, "দেশের জনগণের মত না থাকায় প্রেসিডেন্ট ওআইসি'কে কোনো দপ্তর খুলতে দেবেন না।"

গত সপ্তাহে বার্তা সংস্থা এএফপি ওআইসি'র বরাত দিয়ে খবর দিয়েছিল, মুসলিম দেশগুলোর সর্ববৃহত এ সংস্থাকে মিয়ানমার সরকার রাখাইন প্রদেশে দপ্তর খোলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আজ গত সপ্তাহের ওই খবরের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

আজও মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালাই ও আরেক শহর পাকোক্কুতে বৌদ্ধ ভিক্ষুরা ওআইসি'কে দপ্তর খোলার অনুমতি না দেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন বলে খবর পাওয়া গেছে।

মিয়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা গত জুন মাসে সেদেশের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ দাঙ্গা শুরু করে। নিরাপত্তা বাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ দাঙ্গায় শত শত মুসলমান নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুহারা হয়েছেন। মুসলমানদের বহু মসজিদ ধ্বংস অথবা তালাবদ্ধ করে রেখেছে মিয়ানমার সরকার। গত সপ্তাহে আকিয়াবের বড় মসজিদে আগুন দিয়েছে উগ্র বৌদ্ধরা।

রোহিঙ্গা মুসলমানরা দেশটিতে অন্তত ৮০০ বছর ধরে বসবাস করলেও সেদেশের প্রেসিডেন্ট গত আগস্ট মাসে দাবি করেছেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয়। এ ছাড়া, দেশটির কথিত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরষ্কার পেলেও নিজ দেশের মুসলিম জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেয়া অশান্তির ব্যাপারে এখন পর্যন্ত টু শব্দটি করেননি। সেইসঙ্গে কথিত সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে থেইন সেইন সরকার আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর কারণে মানবাধিকারের প্রবক্তা পাশ্চাত্যও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছে।#